পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্য বীর বাহাদুর ও যোতিন্দ্র লাল ত্রিপুরা আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সংগে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা তাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনযোগ সহকারে তাদের কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, পার্বত্য অঞ্চল বিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
খবর দিয়েছে বাসস।
www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২২.০৫.২০১২/এসএকে











